কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে হাসান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান উপজেলার শশীদল ইউনিয়নের তেঁতাভূমির অনুতপুরা এলাকার সাদ্দাম হোসেনের ছেলে। তার নানাবাড়ি সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে হাসান। শনিবার সকালে বাড়ির আঙিনায় খেলছিল সে। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে আঙিনা থেকে চলে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে স্বজনরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর হোসেন বলেন, ‘পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তাকে মৃত পাই। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শিশুটির মৃতদেহ আমরা স্বজনদের কাছে হস্তান্তর করেছি।’