ঈদুল ফিতরে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত সিনেমা সিয়াম আহমেদের ‘রাক্ষস’। মুক্তির পর প্রথম দুই সপ্তাহ পাইরেসি রোধে শুধু মাল্টিপ্লেক্সে দেখানো হয় ছবিটি। এবার সিংগেল স্ক্রিন অর্থাৎ দেশের একক প্রেক্ষাগৃহগুলোতেও এটি মুক্তি পাচ্ছে।
ছবিটি পরিচালনা করেছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়।
জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) থেকে প্রথম ধাপে ঢাকার মধুমিতা, আনন্দ, শ্যামলী, সৈনিক ক্লাব সহ সারা দেশের ৩০টি সিনেমা হলে দেখা যাবে সিনেমাটি। পাইরেসি রোধে প্রথম দুই সপ্তাহ শুধু মাল্টিপ্লেক্সে দেখানো হলেও দর্শকদের ব্যাপক চাহিদার কারণে এবার সিংগেল স্ক্রিনে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এর প্রযোজক শাহরীন আক্তার সুমি।
সুমি বলেন, ‘পাইরেসির শঙ্কার কারণে প্রথম দুই সপ্তাহ শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়। দর্শকদের অনেকের অনুরোধ ছিল কবে সিঙ্গেল স্ক্রিনে রাক্ষস আসবে। এবার মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি উপভোগ করতে পারবেন তারা। প্রথম ধাপে আমরা ৩০টি হলে মুক্তি দিচ্ছি, পরবর্তী সপ্তাহে শতাধিক হলে মুক্তির পরিকল্পনা রয়েছে।’
এ প্রসঙ্গে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জল বলেন, ‘ঈদের প্রথম দুই সপ্তাহ আমরা শাকিব খানের প্রিন্স চালিয়েছি। এবার রাক্ষস চালাব। এটি পুরোপুরি কমার্শিয়াল সিনেমা, সিঙ্গেল স্ক্রিনে ভালো ব্যবসা করবে বলেই বিশ্বাস।’
উল্লেখ্য, একটি পাগলাটে প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রাক্ষস’। অ্যাকশন ও সহিংসতায় ভরপুর এই সিনেমায় সিয়ামের বিপরীতে আছেন কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়। এতে আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে।