1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ০ Time View

শেরপুরে বিনামূল্যে বিতরণের ৩৩ টন ১শ কেজি সরকারি চালসহ গোডাউন মালিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের চাপাতলি এলাকার জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউন থেকে চালসহ ওই ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক গোডাউন মালিকের নাম মো. বোরহান উদ্দিন। তিনি পৌর শহরের কসবা কাঠগড় এলাকার বাবুল মিয়ার ছেলে। জব্দ চালের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা ২২ হাজার টাকা।

পুলিশ জানায়, জেলা শহরের চাপাতলী মহল্লায় বিপুল সরকারি চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী মেজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চলতি বছরের জুন মাসের সরকারি খাদ্য বান্ধব চালের সীলমোহরকৃত ৩৩ টন চাল পাওয়া যায়।

এতে দেখা যায় অন্যত্র পাচারের উদ্দেশে খাদ্য অধিদপ্তরের ৫০ কেজি ওজনের ৫০০ বস্তা এবং ৩০ কেজি ওজনের ২৭০ বস্তা মোট ৭৭০ বস্তায় ভর্তি ৩৩ টন ১০০ কেজি চাল রয়েছে। পরে সদর থানা পুলিশ সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান জানান, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন ক্ষতিকর কার্যক্রম ২০২৩ এর ৫ এর ক ও খ এবং ৬ ধারা মোতাবেক উপযুক্ত বিচারের জন্য জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করার জন্য সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. সুহেল রানা বলেন, জব্দ চালগুলো গোডাউনে সিলগালা করে আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর জন্য এবং মামলা দায়ের করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews