বৈষম্যবিরোধী আন্দোলনে কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল ও ছাত্রদল নেতা সাব্বির আহম্মেদ হত্যা মামলার আসামি মোকবল হোসেন মুকুল চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার গুনাইঘর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল এবং গুলিতে আহত অবস্থায় এক মাস পরে মারা যান ছাত্রদল নেতা সাব্বির আহম্মেদ। ওই দুই মামলায় এজহার নামীয় আসামি করা হয় ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুলকে। আন্দোলনে সরকার পতনের পর তিনি পালিয়ে গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন মাহমুদকে।
সোমবার তিনি ইউনিয়ন পরিষদে আসার খবর পেয়ে দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, মোকবল হোসেন মুকুল বৈষম্যবিরোধী আন্দোলনে দুটি হত্যা মামলাসহ সব মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লার আদালতে তাকে প্রেরণ করা হবে।