ঘরের মাঠে ৯১ বছরের টেস্ট ইতিহাসে দারুণ এক রেকর্ডের সাক্ষী হল ভারত। নিজেদের আঙিনায় প্রথমবার টসে হেরে আগে ব্যাট করে টেস্ট ম্যাচ জিতলেন রোহিত-কোহলিরা। পরিসংখ্যান বলছে ঘরের মাঠে টেস্টে ভারতকে কেবল ৯ বার টসে হেরে আগে ব্যাট করতে হয়েছে। এর মধ্যে আগের আট ম্যাচে দুটি হারের সঙ্গে ছিল ছয়টি ড্র। এবারই প্রথম নিজেদের দর্শকদের সামনে টসে হেরে আগে ব্যাট করে টেস্ট জিতল ভারত।
গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিদ্ধান্তের পক্ষে তার যুক্তি, উইকেটের শুরুর আর্দ্রতা কাজে লাগাতে চান। প্রথম সেশনে পেসাররা সুবিধা পাবে।
ইতিহাস বলছে, ভারত নিজেদের মাঠে প্রথম টেস্ট খেলেছিল ১৯৩৩ সালে। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ হয়েছিল বোম্বাইয়ের জিমখানা স্টেডিয়ামে। এরপর থেকে ৯১ বছরে ভারতে হয়েছে অনেক টেস্ট ম্যাচ। তার মাঝে মোট ১৪১ বার টস জিতেছে ভারতের প্রতিপক্ষ দল। সেই ১৪১ বারের মাঝে কেবল মাত্র নয়বারই ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন প্রতিপক্ষ দলের অধিনায়ক।
সেই নয়বারের মধ্যে কেবল একবারই ভারত ম্যাচ জিতেছে। আর সেটা বাংলাদেশের বিপক্ষে এই চেন্নাই টেস্ট। তার আগে ৮ বারের মাঝে ভারত হেরে যায় দুই ম্যাচে, ড্র হয় বাকি ৬ ম্যাচ।
প্রসঙ্গত, চেন্নাই টেস্টে ভারতের কাছে ২৮০ রানে হেরে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আগামী ২৭ সেপ্টেম্বর দুই দলের পরের টেস্ট শুরু কানপুরে।